বুধবার ৪ নভেম্বর ২০২৬

জেনারেল জ্যাকবের শেষকৃত্য সম্পন্ন

বাংলাদেশের বন্ধু লেফটেন্যান্ট জেনারেল জ্যাক ফর্জ রাফায়েল জ্যাকবের শেষকৃত্য বৃহস্পতিবার সামরিক মর্যাদায় সম্পন্ন হয়েছে।  তার কোনো নিকটাত্মীয় না থাকায় ভারতীয় প্রতিরক্ষা বাহিনী তার শেষকৃত্য সম্পন্ন করে।

জ্যাকবের মরদেহ দুপুরে সেনাবাহিনীর হাসপাতাল থেকে দিল্লি ক্যান্টনমেন্টের ব্রার চকে রাখা হয়। সেখানে লেফটেন্যান্ট জেনারেল জ্যাকবের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি, প্রতিরক্ষামন্ত্রী মনোহর পানিক্কর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেনারেল ভি কে সিং।

ভারতীয় সেনাপ্রধান জেনারেল দলবীর সিং এবং নৌ ও বিমানবাহিনীর প্রধানও এ সময় উপস্থিত ছিলেন।

দিল্লির বাংলাদেশ হাইকমিশনার মোয়াজ্জেম আলী ও প্রেস মিনিস্টার এনামুল হক চৌধুরীসহ অন্যান্য পদস্থ কর্মকর্তা এবং ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানিয়েল কারমন উপস্থিত ছিলেন।

জেনারেল জ্যাকব ইহুদি ছিলেন বলে তার শেষকৃত্য সম্পন্ন হয় হুমায়ুন রোডে ইহুদিদের সমাধিস্থলে।

জেনারেল জ্যাকব বুধবার দিল্লীর একটি সামরিক হাসপাতালে মারা যান। ১৯২৩ সালে তৎকালীন ব্রিটিশ শাসিত ভারতের কলকাতায় এক ইরাকি বংশোদ্ভূত ইহুদী পরিবারে জন্ম জ্যাকবের। বাবার অমতে মাত্র ১৮ বছর বয়সে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়েছেন। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধেও সক্রিয়ভাবে অংশ নেন তিনি। ১৯৭৮ সালে তিনি লে. জেনারেল হিসেবে সেনাবাহিনী থেকে অবসর নেন। পরে তিনি গোয়া ও পাঞ্জাবের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন