ভোজ্যতেলের দাম শনিবার থেকে লিটারে পাঁচ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ভোজ্যতেল ও বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
বৃহস্পতিবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন সংগঠনের নেতা সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান। এর আগে মন্ত্রণালয়ের বাণিজ্য সহায়ক পরামর্শক কমিটির চতুর্থ বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠকে ব্যবসায়ীরা প্রথমে লিটারপ্রতি ভোজ্যতেলের দাম চার টাকা কমানোর প্রস্তাব দেন। পরে ভোক্তাদের স্বার্থ বিবেচনা করে মন্ত্রী তোফায়েল আহমেদ পাঁচ টাকা কমানোর অনুরোধ জানালে অ্যাসোসিয়েশনের নেতারা সেই প্রস্তাব মেনে নেন।
শিল্পে গ্যাস সঙ্কটের সমাধানের বিষয়ে আগামী এক মাসের মধ্যে সুসংবাদ আসছে বলেও এসময় জানান বাণিজ্যমন্ত্রী।


