বুধবার ৪ নভেম্বর ২০২৬

চুটিয়ে প্রেম করছেন প্রসূন আজাদ, অপেক্ষা বিয়ের

প্রসূন আজাদ‘লাক্স তারকা’খ্যাত অভিনেত্রী প্রসূন আজাদ বিয়ের করছেন। বর মোহাইমিন সান তার আগের পরিচিত। কিছুটা প্রেমেরও সম্পর্ক। একসঙ্গে তারা সিনেমা তৈরি করছেন। এখন পরিবারের সম্মতির অপেক্ষায় রয়েছেন। ভালো কথা, তারা দুই জনই কিন্তু গত কিছুদিন ধরে রয়েছেন অস্ট্রেলিয়ায়। তৈরি করছেন নতুন একটি সিনেমা।

অভিনেত্রী প্রসূন আজাদ যে ছবিটি বানাতে যাচ্ছেন সেটির নাম ‘কুহেলিকা’। ছবিটির চিত্রনাট্যকার আহাদুর রহমান।

প্রসূন সেখান থেকে জানান, ‘আমরা দুজন বিয়ের জন্য প্রস্তুত। দুই পরিবারের মুরব্বিদের সম্মতি পেলেই বিয়ের কাজটি সেরে ফেলব।’

প্রসূন আজাদ বলেন, ‘আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক। চাইলে এখনই বিয়ে করে ফেলতে পারি। কিন্তু এই শুভক্ষণে পরিবারের সবাইকে পাশে চাই। আমাদের কাছে সবার হাসিমুখটাও জরুরি।’

তিনি বলেন, ‘এদিকে অস্ট্রেলিয়াতে আমার ভালোবাসার মানুষটা পুরকৌশল বিষয়ে পড়াশোনা শুরু করেছে। পাশাপাশি আমি যে সিনেমা বানাতে যাচ্ছি, তার ব্যাপারেও মানসিকভাবে সাহস দিচ্ছে। যেকোনো সমস্যায় তাঁকে সব সময় পাশে পাচ্ছি। নিজেরাও নিজেদের গোছাচ্ছি। এর মধ্যে পরিবারের সম্মতি পেলে বিয়ের কাজটিও হয়ে যেতে পারে।’

কিছুদিন আগে অস্ট্রেলিয়াতে ‘মৃত্যুপুরী’ নামের আরেকটি ছবির কাজ করেছেন প্রসূন। এ ছবিতে কাজ করতে গিয়ে কঠিন অভিজ্ঞতা হয়েছে তাঁর।
ছবিটি প্রসঙ্গে প্রসূনের বক্তব্য ছিল, ‘এ ছবিতে আমার চরিত্র নৈশ ক্লাবের একজন নৃত্যশিল্পীর। কাজটি করার আগে চরিত্রটির কথা শুনেই রাজি হয়েছিলাম। ভেবেছিলাম নতুন অভিজ্ঞতা হবে, মজার হবে কাজটি। কিন্তু কাজটি করতে গিয়ে এত সমস্যায় পড়ব, বুঝিনি। সিডনির একটি সত্যিকারের নৈশ ক্লাবেই শুটিং হয়েছিল। ক্লাবের সাপ্তাহিক ছুটির দিনে কাজটি করা হয়। ওই ক্লাবে যাঁরা নিয়মিত নাচ করেন, তাঁরা আমার সঙ্গে শুটিংয়ে অংশ নিয়েছিলেন। তাঁরা পেশাদার নৃত্যশিল্পী। তাই তাঁদের সঙ্গে নাচতে খুব সমস্যা হয়েছিল।’

আরও পড়ুন