মিথ্যা বললে নাক লম্বা হয়ে যায় বলে ছোটবেলায় সবাইকে গল্প শোনানো হয়। বাস্তবে তা হয়না বলেই হয়তো সবাই অবলীলায় মিথ্যা কথা বলে যায়। তবে মিথ্যা ধরার উপায় রয়েছে।
মিথ্যা হয়তো সবসময়ই ক্ষতিকর না, কিন্তু কিছু মিথ্যা পরস্পরের সম্পর্ক কিংবা পুরো পরিবারকে ধ্বংস করে দিতে পারে। তবে আপনার সঙ্গে কেউ কথা বললে তার মুখের অভিব্যক্তি, ভাব প্রকাশ ও শরীরের কয়েকটি ভঙ্গি দেখেই খুব সহজেই বুঝতে পারবেন তিনি সত্য না মিথ্যা বলছেন। ডেইলি মেইল অনলাইনকে এফবিআইয়ের সাবেক এক এজেন্ট এসব কথা বলেছেন।
সাবেক এফবিআইয়ের ওই এজেন্টের নাম মার্ক বাউটন। তিনি একটি ওয়েবসাইটে লিখেছেন, আমি গত ৩০ বছর এফবিআইয়ের প্রতিনিধি ছিলাম এবং সেই সময় অপরাধীদের লক্ষ করেছি, যখন তারা মিথ্যা বলে। এ ছাড়া মিথ্যা বলার সময় তাদের অঙ্গভঙ্গি, মুখাবয়ব ও ভাব প্রকাশের ধরন নিয়ে আমি ব্যাপক গবেষণা করেছি।
মিথ্যা বলার সময় স্নায়ুর চাপ ও শরীরে রাসায়নিক বিক্রিয়ার কারণে তাদের মধ্যে কী কী লক্ষণ প্রকাশ পায়, তা বর্ণনা করেন বাউটন। সাবেক এফবিআইয়ের এই এজেন্টের মতে, আপনি যদি কারও সঙ্গে কথা বলার সময় নিচে উল্লিখিত লক্ষণগুলোর মধ্যে একাধিক লক্ষণ দেখতে পান, তবে মোটামুটি নিশ্চিত হতে পারবেন যে তিনি আপনার সঙ্গে মিথ্যা বলছেন।
মিথ্যা বলার লক্ষণগুলো হলো—
o মিথ্যা বলার সময় মানুষের শরীরে রাসায়নিক বিক্রিয়া হয়। এর ফলে তারা মুখ চুলকায়।
o নাক ও থুতনি স্পর্শ করেন অথবা নাকের নিচে আঙুল দিয়ে ঘষেন
o মানুষের মুখ শুকনো হয়ে যাবে, দেখলেই বোঝা যাবে
o মুখে অতিরিক্ত শ্লেষ্মা (মিউকাস) উৎপন্ন হবে। এর ফলে হয় তিনি কয়েকবার কাশি দেবেন, নয় তো কয়েকবার গলা পরিষ্কার করবেন
o নিজেদের ঠোঁট কামড়াবেন
o চোখ ডান দিক বাম দিকে ঘোরাবেন
o চোখ স্বাভাবিকের তুলনায় দ্রুত পিটপিট করবে
o এ ছাড়া মুখ এবং শরীরের অন্যান্য অংশে অস্বস্তিকর ভঙ্গি প্রকাশ পাবে।


