বরিশাল নগরে আলেয়া বেগম ওরফে তেল বুড়ি (৬৫) নামের এক ভিক্ষুকের মৃত্যুর পর তার ঘরে পাওয়া গেল এ টাকা-পয়সা। যার পরিমাণ প্রায় লাখ টাকা। ঘরে পাওয়া গেল ৭০ কেজি চালও।
স্থানীয় সূত্র জানায়, আলেয়া বাকেরগঞ্জ উপজেলার চরাদী গ্রামের বলইকাঠি গ্রামের বাসিন্দা। অনেক আগে স্বামী মারা গেছেন। সংসারে কোন সন্তান নেই। স্বামীও মারা গেছেন। আদম আলী হাজি গলিতে একটি ঘরে ভাড়ায় একাই থাকতেন তিনি। মাঝে মাঝে ভিক্ষা করতেন। এই আয় দিয়েই নিজের ভরণপোষণ চালাতেন তিনি।
গত রোববার রাতে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাঁকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার তিনি মারা যান। গতকাল বুধবার সকাল সাড়ে দশটার দিকে আলেয়ার দুই ভাইয়ের উপস্থিতিতে স্থানীয় লোকজন ওই ঘরে থাকা একটি বাক্স থেকে পলিথিনের ছয়টি ব্যাগ উদ্ধার করেন। ওই ব্যাগে ছিল টাকা ও পয়সা। বিকেল পর্যন্ত বাড়ির উঠানে পাটি বিছিয়ে ওই টাকা ও পয়সা গোনা হয়। গুনে ৯৫ হাজার ২০০ টাকা পাওয়া যায়। এ ছাড়া ঘরে ৭০ কেজি চালও পাওয়া যায়।
আলেয়া বেগমের ছোট ভাই এনায়েত হোসেন বলেন, যে টাকা পাওয়া গেছে তা বিভিন্ন খাতে দান করা হয়েছে। এর মধ্যে বটতলা মসজিদসংলগ্ন মাদ্রাসায় দেওয়া হয়েছে পাঁচ হাজার টাকা। একটি মাহফিলের জন্য ৭০ কেজি চাল ও এক হাজার টাকা দেওয়া হয়েছে। আলেয়ার গ্রামের বাড়িতে একটি মসজিদে মাইক কেনার জন্য ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে।
এছাড়া তাঁর মৃত্যুতে মিলাদের জন্য সাত হাজার এবং বাড়ির মালিককে ভাড়াবাবদ পাওনা চার হাজার টাকা পরিশোধ করা হয়েছে। বাকি ৫৩ হাজার টাকা তাঁরা দুই ভাই নিয়েছেন।


