মাদকের ছোবলে বিশ্বে ৫০ ভাগের বেশি মানুষের অকাল মৃত্যু ঘটে বলে তথ্য দিয়েছেন মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মো. আমির হোসেন।
তিনি শুক্রবার দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পাঁচৈই গ্রামে একুশে স্কুল মাঠে মাদকবিরোধী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান। তিনি বলেন, ধুমপানের ফলে শতকরা ৪৭ ভাগ মানুষ অকালে মারা যাচ্ছে।
মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের পরিহার করার তাগিদ দিয়ে তিনি বলেন, গেল বছর সব বাহিনী দেশে ১ কোটির বেশি ইয়াবা উদ্ধার করেছে। যা মাদকদ্রব্য বিস্তারের ১০ ভাগ মাত্র। তাই আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আসুন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলি।
আমির হোসেন বলেন, দেশের প্রতিটি রাজনৈতিক দলই আজ মাদকের সাথে জড়িত। এর ফলে দেশের ৭০ লাখ মানুষ, তথা যুবসমাজ আজ মাদক নিচ্ছে। এই মাদকের ভয়াবহতা দূর করতে হলে প্রতিটি রাজনৈতিক দলের শক্ত কমিটমেন্ট প্রয়োজন।
মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক মানজুরুল ইসলাম উল্লেখ করেন, আগে এ দেশের যুব সমাজ হিরোইন সেবন করতো। পরবর্তিতে ফেনসিডিল সেবন শুরু করে। এখন দেশে প্রতিদিন ৩০ লাখ মানুষ ইয়াবা সেবন করে। মাদক বিক্রেতাদের টার্গেট দেশের ইংলিশ মিডিয়াম স্কুল ও প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী। সমাবেশে সভাপতিত্ব করেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক নাজমুল আহসান মজুমদার। সমাবেশে অধ্যাপক আলমগীর বাহারের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ আশ্রাফুজ্জামান, হাজীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রশিদ মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম, হাজীগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল হানিফ, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মানজুরুল ইসলাম, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী জিএম মজিবুর রহমান, একুশে গালস্ স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল হক প্রমুখ।


