বুধবার ৪ নভেম্বর ২০২৬

রাজধানীতে বাসচাপায় স্কুলছাত্রী নিহত, সড়ক অবরোধ

47785_1734রাজধানীতে বাসচাপায় সোনালী (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে হাইকোর্টের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রী সোনালী সেগুনবাগিচায় রহিমা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। হাইকোর্টের সামনের গণপূর্ত অধিদফতর কলোনির বাসায় বাবা-মায়ের সঙ্গে থাকতেন তিনি। তার গ্রামের বাড়ি পিরোজপুরের নাজিরপুর থানার ঝনঝনিয়া গ্রামে।

নিহত সোনালীর বাবা জাকির হোসেন বলেন, জেএসসিতে এ প্লাস পাওয়া সোনালী রাজধানীর কোন নামকরা স্কুলে পড়ার আশা ছিল। এজন্য তেজগাঁও সরকারি গার্লস স্কুলে ৯ম শ্রেণিতে ভর্তি হতে সকালে বাসা থেকে বের হয় সে। হাইকোর্টের সামনের রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় তার মৃত্যু হয়।

মেয়ের দুর্ঘটনার খবর শুনে বাসা থেকে ছুটে আসেন বাবা-মা। মেয়ের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তারা। তাদের আর্তনাদে আদালত সংলগ্ন এলাকার পরিবেশ ভারি হয়ে ওঠে।

এদিকে দুঘর্টনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই এলাকায় সড়ক অবরোধ করেছে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিতি হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব জানান, দ্রুতগতির ৮ নম্বর পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো জ ১১-১৩২৮) রাস্তা পার হওয়ার সময় ওই স্কুলছাত্রীকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।   ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন বলে জানান এসআই মাহবুব।

তিনি বলেন. নিহত ছাত্রীর লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন