বুধবার ৪ নভেম্বর ২০২৬

আলতাফ মাহমুদকে নিয়ে কেন অবহেলা?

Altaf-Mahmud-BSMMUঅমিয় ঘটক পুলক।

আলতাফ মাহমুদ গুরুতর অসুস্থ; কোনও পত্রিকায় কোনও নিউজ নেই! তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি। গতরাতে যখন আলতাফ ভাইয়ের সাথে দেখা করি তিনি বলছিলেন, “পুলক আমার এই (ডান) হাতটাও অবশ হয়ে আসছে।”

তিনি চিনতে পারেন, কথা বলতে পারেন-এখনও অন্যের কথা ভাবেন। ভাবিকে বললেন, “পুলককে বিস্কুট দাও।” বুঝলাম, ডাক্তারের নির্দেশে টানা দিয়ে রাখা মাথাটা এখনও যথেষ্ট সচল। মস্তিকের এই সচলতাই এই মুহুর্তে বেশী পীড়াদায়ক। কত কষ্ট, কত বেদনা সইতে পারে মানুষ! কোমর থেকে নিচের দিকটা পুরোপুরি অবশ। মেরুদন্ড ফ্রিজ হয়ে গেছে। হাতও অবশ হওয়ার পথে। ডাক্তাররা জানিয়ে দিয়েছেন, দেশের বাইরে নিতে হলে এয়ার এ্যাম্বুলেন্স ছাড়া সম্ভব নয়। যত দ্রুত সম্ভব সার্জারি করতে হবে। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবারের আগে নাকি সিডিউল নেই। ওইদিন অপারেশন করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সাংবাদিক কিংবা পরিচিতজন অসুস্থ হয়ে মেডিকেলে আছে, অথচ আলতাফ ভাই তাকে দেখতে যাননি – এমন দৃষ্টান্ত বেশি মিলবে না। একজন আলতাফ মাহমুদ কি একদিনে তৈরি হয়? কোন সাংবাদিকদের দাবি আদায়ের কোন আন্দোলনে, কোন গণতান্ত্রিক আন্দোলনে ছিলেন না তিনি? সাংবাদিক সমাজের সবচেয়ে প্রিয়মুখ। ছোট, বড় সকল সাংবাদিকের বন্ধু তিনি। অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক ছিলেন। ডিইউজের সর্বাধিকবার নির্বাচিত সভাপতি তিনি। ফেডারেশনের মহাসচিব ছিলেন। এবার সভাপতি নির্বাচিত হয়েছেন। দেশের সকল সাংবাদিক প্রতিনিধি নিয়ে আমাদের প্রথম সভাটিও এখনও হয়নি। এর মধ্যে আলতাফ ভাই অসুস্থ হয়ে পড়লেন। প্রাণবন্ত আলতাফ ভাই, সহকর্মীদের প্রাণ সঞ্চারি আলতাফ ভাই এখন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৩১১ নম্বর কেবিনে দুঃসহ প্রাণযন্ত্রণায়!

সাংবাদিক সমাজের শীর্ষ নেতার এই অবস্থা নিয়ে কোনও সংবাদপত্রের, কোনও রেডিও বা টেলিভিশন চ্যানেলের কোনও মাথা ব্যথা নেই। এর কি নিউজ ভ্যালু একেবারেই নেই? সারাদেশে এবং দেশের বাইরে অবস্থিত সাংবাদিক ও পরিচিতজন আলতাফ ভাইয়ের অবস্থার কথা পড়বে না? অখ্যাতজন কিংবা ভুইফোর সংগঠনকেও কি আমরা অনেক সময় তুলে ধরিনা? সংবাদমাধ্যমগুলো আলতাফ মাহমুদের স্বাস্থের আপডেট প্রচার করবে না কেন?

সারাজীবন সাংবাদিকতা করে এবং সাংবাদিকদের নেতৃত্ব দিয়ে তার এতটুকু পাওনা হয়নি! সহকর্মীদের প্রতি আমাদের কেন এত অবহেলা?

আরও পড়ুন