বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

‘রওশনপন্থীদের’ বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেন এরশাদ

ershad_187183জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। যারা রওশনকে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেছেন তাদের বিরুদ্ধ গঠনতন্ত্র অনুসারে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার রাত পৌনে ১০টার দিকে রংপুরের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এ কথা জানান এরশাদ। এতে জাপার প্রেসিডিয়াম সদস্য গোলাম মোহাম্মদ (জিএম) কাদের উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার রাত ৮টার দিকে রওশন এরশাদের গুলশানের বাসায় এক বৈঠকে তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার সিদ্ধান্ত হয় বলে জানান জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

রওশনকে যারা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেন তাদের প্রতি ইঙ্গিত করে সংবাদ সম্মেলনে এরশাদ বলেন, ‘ওরা এটা করতে পারে না। এটা দলের গঠনতন্ত্রবিরোধী। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল।’

কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে জাপা চেয়ারম্যান বলেন, ‘দল গঠনতন্ত্র অনুসারে ব্যবস্থা নেবে। তারা দলের মঙ্গল চায় না। আমি যখন দল গোছাতে চাইছি তখন এই বিশৃঙ্খলা সৃষ্টি করলো তারা।’

গত রোববার ছোট ভাই জিএম কাদেরকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও নিজের উত্তরসূরী হিসেবে ঘোষণা করেন এরশাদ। সোমবার এরশাদের এই ঘোষণাকে দলের গঠনতন্ত্রের ৩৯ ধারার লঙ্ঘন বলে উল্লেখ করেন বাবলু। সোমবার রাতে জাতীয় পার্টির প্যাডে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে রওশনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার বিষয়টি নিশ্চিত করেন তিনি।

এর আগে সোমবার বিকেলে জাপায় রওশনপন্থী হিসেবে পরিচিত বর্তমান সরকারের তিন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নু ও মশিউর রহমান রাঙ্গা, দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুসহ ৭/৮ জন ঘনিষ্ট নেতাকে নিয়ে নিজ বাসায় বৈঠক করেন রওশন এরশাদ। সোমবার সন্ধ্যায় জাপার সংসদ সদস্য ও দলের জ্যেষ্ঠ কয়েকজন নেতাকে নিয়ে আবার ‘যৌথসভা’ করেন তিনি।

জিএম কাদেরকে জাপার কো-চেয়ারম্যান হিসেবে এরশাদের ঘোষণা বিষয়ে দলীয় প্রতিক্রিয়া জানাতে জাপার এমপি ও সিনিয়র নেতাদের নিয়ে যৌথসভা করা হয় বলে জানান বাবলু।

আরও পড়ুন