বুধবার ৪ নভেম্বর ২০২৬

আন্দোলনরত শিক্ষকদের আশ্বাস প্রধানমন্ত্রীর

pm_varsity-teacher_প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতারা।

সোমবার সন্ধ্যায় গণভবনে সরকার প্রধানের সঙ্গে বৈঠকের পর ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, ‘উনি (প্রধানমন্ত্রী) আমাদের আশ্বস্ত করেছেন। উনি বলেছেন, উনি নিজে বিষয়টা দেখবেন।’

কর্মবিরতি কর্মসূচি চলবে কি-না, জানতে চাইলে অধ্যাপক ফরিদউদ্দিন বলেন, ‘এই বিষয়ে ফেডারেশন এবং বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক সমিতির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন তারা।’

বেতন কাঠামোর বৈষম্য নিরসনের দাবিতে শিক্ষকদের কর্মবিরতিতে এক সপ্তাহ ধরে অচল হয়ে আছে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়। এর মধ্যেই সোমবার বিকেলে গণভবনে বিশিষ্টজনদের চা চক্র ও পিঠা উৎসবে শিক্ষকদেরও আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের ফাঁকে তাদের সঙ্গে বৈঠকে বসেন তিনি।

বৈঠকে শিক্ষক সমিতির ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদউদ্দিন, সাধারণ সম্পাদক এএসএম মাকসুদ কামালসহ ফেডারেশনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়া বৈঠকে ছিলেন মুখ্য সচিব আবুল কালাম আজাদ, জনপ্রশাসন সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, অর্থ সচিব মাহবুব আহমেদ।

আরও পড়ুন