গাইবান্ধা জেলার সদর উপজেলায় অজ্ঞাত পরিচয় (৫৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে মঙ্গলবার সকালে মৃতদেহটি উদ্ধার করা হয়।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম নিউজওয়ার্ল্ড বিডি ডট কমকে জানান, গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখতে পায় মোটর শ্রমিক ইউনিয়নের লোকজন। পরে তারা বিষয়টি থানা পুলিশকে জানায়। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান নিউজওয়ার্ল্ড বিডি ডট কমকে বিষয়টি নিশ্চিত করে জানান, অজ্ঞাত ব্যক্তির গায়ে লাল রংয়ের ছোয়েটার ও পড়নে লুঙ্গি ছিল। এছাড়া তার মুখে দাড়ি রয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মৃতদেহের পরিচয় সনাক্তের জন্য চেষ্টা চালানো হচ্ছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি তিনি।
জাভেদ হোসেন, গাইবান্ধা প্রতিনিধি
নিউজওয়ার্ল্ড বিডি ডট কম


