সম্পদের হিসাব না দেওয়ায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবালমান্দ বানুর বিরুদ্ধে দায়ের করা মামলায় আদালতে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার সংস্থাটির উপপরিচালক আবদুস সাত্তার সরকার ঢাকার মুখ্য মহানগর হাকিম শামসুল আরেফিনের আদালতে এ অভিযোগপত্র জমা দেন।
সম্পদের হিসাব জমা দেওয়ার জন্য ২০১২ সালের ২৫ জানুয়ারি ইকবালমান্দ বানুকে নোটিশ দিয়েছিল দুদক। এরপর হাইকোর্টে রিট আবেদন করে স্থগিতাদেশ পান তিনি। দুদক আপিল করলে ওই আদেশ স্থগিত হয়ে যায়।
এরপর ২০১৪ সালের ৩০ জানুয়ারি দুদকের উপপরিচালক আর কে মজুমদার ঢাকার রমনা থানায় ইকবালমান্দ বানুর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ জারির পর নির্দিষ্ট সময়ে কমিশনে হিসাব না দেওয়ায় এ মামলা হয়। তদন্ত শেষে গত ১৪ জানুয়ারি অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেয় দুদক।


