বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ব্যক্তি-ইচ্ছায় দেশের সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছে: খালেদা

Khaleda-011বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অভিযোগ করেছেন, ‘গায়ের জোরে দেশে একদলীয় একচেটিয়াত্ত্ব প্রতিষ্ঠিত করা হয়েছে। তাতে গণতন্ত্র ধ্বংসের পাশাপাশি সামজিক, রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট হয়েছে। আইন, বিচার, প্রশাসন, পুলিশ সবকিছু আইন অনুযায়ী নয় বরং ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছানুযায়ী নিয়ন্ত্রিত হয়।’

মঙ্গলবার দুপুরে শহীদ আসাদ দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

বিবৃতিতে ৬৯ এর গণঅভুত্থানে শহীদ আসাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান খালেদা জিয়া। তিনি তার রুহের মাগফেরাত কামনা করেন।

খালেদা জিয়া বলেন, আমাদের স্বাধীকার ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে শহীদ আসাদ এক অবিস্মরণীয় নাম। সামরিক স্বৈরশাসনের কবল থেকে গণতন্ত্রকে মুক্ত করতে অকুতোভয় এ বীর সেনানী রাজপথে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর শোণিতের ধারা বেয়ে স্বৈরশাসনের পতন ত্বরান্বিত হয়েছিলো, অর্জিত হয়েছিলো এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার। গণতন্ত্রের জন্য শহীদ আসাদের আত্মদান পরবর্তীকালে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আমাদেরকে অনুপ্রাণিত করেছে ।

তিনি অভিযোগ করে বলেন, আজও এদেশে একদলীয় একচেটিয়াত্ত্ব প্রতিষ্ঠিত করা হয়েছে গায়ের জোরে, তাতে গণতন্ত্র ধ্বংসের পাশাপাশি সামজিক, রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট হয়েছে। আইন, বিচার, প্রশাসন, পুলিশ সবকিছু আইন অনুযায়ী নয় বরং ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছানুযায়ী নিয়ন্ত্রিত হয়।দেশের মানুষ বর্তমানে অবৈধ নির্দয় শাসকগোষ্ঠীর শিকলে বন্দী হয়ে পড়েছে ।’

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে মানুষের মৌলিক ও মানবিক অধিকার সুপ্রতিষ্ঠিত করতে পারলে আসাদের প্রতি সন্মান দেখানো হবে বলেও মন্তব্য করেন সাবেক এই প্রধানমন্ত্রী।

খালেদা জিয়া বলেন, আমি মনে করি বর্তমান অবস্থায় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, মানুষের স্বাধীনতা নিশ্চিত ও গণতন্ত্রকে শক্তিশালীকরণই সবচেয়ে জরুরি কাজ বলে মনে করি। আর এর জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে দেশবাসী সকলের প্রতি আহবান জানাই।

আরও পড়ুন