সংবাদভিত্তিক বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল ২৪’ ছাড়লেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক হাসনাইন খোরশেদ। মঙ্গলবার ( ১৯ জানুয়ারি) তিনি চ্যানেলটি থেকে পদত্যাগ করেছেন বলে জানা গেছে । তবে চ্যানেলটির একটি সূত্র জানায়, তাকে ‘চাকরিচ্যুত’ করা হয়েছে। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের কথা মঙ্গলবার সকালেই তাকে জানিয়ে দেয়া হয়েছে।
চ্যানেল টোয়েন্টিফোরের যাত্রা শুরু হয়েছিল হাসনাইন খোরশেদের হাত ধরে। মিশ্র চ্যানেল হিসেবে সম্প্রচার শুরু করলেও পরে এটি নিউজ চ্যানেল হিসেবে নিজের অবস্থান তৈরি করে নেয়। এই মুহূর্তে এটি দেশের অন্যতম জনপ্রিয় সংবাদভিত্তিক চ্যানেল।
হঠাৎ কী কারণে হাসনাইন খোরশেদ চাকরি ছাড়লেন তা জানাতে অপরাগতা প্রকাশ করেন তিনি। যোগাযোগ করা হলে তিনি বলেন, “এ বিষয়ে পরে কথা বলবো।”
চ্যানেল সূত্র জানিয়েছে, কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ চ্যানেল থেকে তার সরে যাওয়ার পেছনে ভূমিকা রেখেছে।


