রাজধানীর কল্যাণপুর এলাকায় পোড়া বস্তি উচ্ছেদ করতে গিয়ে বাধার মুখে পড়েছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গৃহায়ণ কর্তৃপক্ষ পুলিশ নিয়ে বস্তি উচ্ছে করতে গেলে বস্তিবাসী বাধা দেয়। এ নিয়ে বস্তির বাসিন্দাদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ বস্তি বাসীদের সরে যাবার জন্য মাইকিং করার পর ঘর ভাঙা শুরু করলে বস্তির বাসিন্দারা সংগঠিত হয়ে প্রতিরোধ তৈরি করে। তাঁরা এক পর্যায়ে গৃহায়ণ কর্তৃপক্ষ ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এসময় ক্ষুব্ধ বস্তিবাসী সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ছুড়ে।
পুলিশের এক কর্মকর্তা জানান, তারা প্রথমে বস্তিবাসীকে বুঝিয়েছেন উচ্ছেদ অভিযানে কোন প্রকার বাধা না দিতে। কিন্তু উল্টো পুলিশের ওপরড় চড়াও হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। তবে শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে এই কর্মকর্তা জানিয়েছেন।


