বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

সাতকরা দিয়ে গরুর মাংস খাওয়ার ইচ্ছা প্রধানমন্ত্রীর

Satkora-ddপ্রধানমন্ত্রী শেখ হাসিনার দুপুরের খাবারে সিলেটের বিখ্যাত সাতকড়া দিয়ে গরুর মাংস রাখা হয়। আজ বৃহস্পতিবার সিলেটের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ মদন মোহন কলেজের হীরকজয়ন্তী অনুষ্ঠানে যোগ দেওয়ার পর দুপুরের খাবারের সময় তাঁকে সাতকড়া দিয়ে গরুর মাংসের তরকারি পরিবেশন করা হবে।

এর আগে সিলেটে এলেও কখনো এই তরকারি খাননি বলে জানিয়ে এটি খাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী।

পরে সিলেটে এলে অবশ্যই সিলেটবাসীর কাছ থেকে এ তরকারির স্বাদ নিতে চেয়েছিলেন তিনি।

গত ১০ অক্টোবর গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সিলেটের কাজিরবাজার সেতুর উদ্বোধনকালে এই আফসোসের কথা জানিয়ে ছিলেন প্রধানমন্ত্রী। সে সময়ই আগামীতে সিলেট এসে গরুর মাংস দিয়ে সাতকড়া খাওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন তিনি।

অবশেষে প্রধানমন্ত্রীর এই আফসোস মিটছে। আজ দুপুরে তাঁর খাবারের মেন্যুতে সাতকড়া দিয়ে গরুর মাংসের তরকারি রাখা হয়েছে।

এ বিষয়ে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে এসে গরুর মাংস দিয়ে সাতকড়া খাওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন। তাই আজ তাঁর খাবার মেন্যুতে গরুর মাংস ও সাতকড়া রাখা হয়েছে। প্রধানমন্ত্রীকে উপহার হিসেবেও সাতকড়া দেওয়া হবে বলেও জানান তিনি।

সাতকড়া মূলত ভারতবর্ষের আসামের পাহাড়ি এলাকার আদি সবজি রকম ফল। এর বৈজ্ঞানিক নাম ‘সাইট্রাস ম্যাক্রোপেটেরা’। সিলেটের লোকজন ডাকে ‘হাতকড়া’ নামে। সিলেট অঞ্চল একসময় বৃহত্তর আসামের অংশ থাকায় শুরু থেকেই সিলেটের টিলা ও পাহাড়ে এর ব্যাপক আবাদ হয়ে আসছে।

সিলেটে রসনাবিলাসের এক অবিচ্ছেদ্য নাম সাতকড়া। কেবল গরুর মাংস নয়, প্রায় সব ধরনের সবজির সঙ্গেই ব্যবহৃত হয়ে থাকে টক স্বাদের সাতকড়া। আর সাতকড়া দিয়ে রান্না করা গরুর মাংসের স্বাদ অতুলনীয়।

আরও পড়ুন