সৌদি আরবের প্রধান মুফতি শাইখ আবদুল আজিজ বিন-আবদুল্লাহ আল-শাইখ দাবা খেলাকে ‘হারাম’ বলে ফতোয়া দিয়েছেন।
দেশটির সর্বোচ্চ ধর্মীয় ওই নেতা একটি টিভি অনুষ্ঠানে দর্শকের প্রশ্নের জবাবে দাবা খেলা নিয়ে ওই ফতোয়া দেন। তবে, ফতোয়াটি কখন ঘোষণা করা হয়েছে, তা স্পষ্ট নয়।
ওই মুফতি বলেন, দাবা খেলা জুয়াকে উৎসাহিত করে। সময়ের অপচয় করে। এ খেলা মানুষের মধ্যে শত্রুতা ও ঘৃণার সৃষ্টি করে। খবর বিবিসির।
দাবা নিয়ে প্রধান মুফতি ফতোয়া দিলেও সৌদি আরবে এটি আইনগতভাবে কার্যকর হবে না। এমন আইন সৌদি আরবে প্রচলিত নেই। এ নিয়ে বিতর্ক সৃষ্টি হতে পারে।
ইসলামী বিপ্লবের পর ১৯৭৯ সাল থেকে ইরানে দাবা খেলার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু ১৯৮৮ সালে দেশটির প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খোমেনি ওই নিষেধাজ্ঞা শর্ত সাপেক্ষে তুলে নেন। শর্তে উল্লেখ করা হয়, এটি খেলার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে, এ নিয়ে জুয়া চলবে না।


