বুধবার ৪ নভেম্বর ২০২৬

ওয়াশিংটনের বাংলাদেশি সংগঠনকে ওবামার অভিনন্দন

Obama-ddআমেরিকার ওয়াশিংটন মেট্রো এরিয়ায় বসবাসরত বাঙালিদের সংগঠন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির উদ্যোগে আয়োজিতব্য পিঠা উৎসব উপলক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার অভিনন্দন জ্ঞাপন করেছেন। এটি শুধুমাত্র ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির নয়, এটা শুধু ওয়াশিংটন মেট্রো এরিয়ার নয়, শুধু প্রবাসী বাংলাদেশিদের নয়, এটা সমস্ত বাঙালির জন্য, বাংলাদেশির জন্য একটি বিরাট আনন্দ ও গর্বের বিষয়। আমাদের জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি এটি যুক্তরাষ্ট্রের মতো সবচেয়ে বড় মহাশক্তিশালী দেশের প্রেসিডেন্টের অভিনন্দন জ্ঞাপন ও ভালোবাসার প্রকাশ, একাত্মতা ও সাংস্কৃতিক সংহতির প্রকাশ। আমরা আনন্দিত, গর্বিত আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি এমন শ্রদ্ধা ও ভালোবাসার স্পর্শে।

অভিনন্দন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কর্ণধার আবু রুমী ও আক্তার হোসেইনকে, সকল কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের, ওয়াশিংটনপ্রবাসী সকল বাঙালিদের।

এই আনন্দ সংবাদে অভিনন্দন জানাতে গিয়ে যোগাযোগ হয়েছিল ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির অন্যতম কর্ণধার আবু রুমীর সঙ্গে। জানতে চেয়েছিলাম কীভাবে যাত্রা শুরু হয়েছিল এই সংগঠনের। কেমন ছিল তাদের এই দীর্ঘ পথচলা। কী তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ওয়াশিংটন মেট্রো এরিয়া বাংলাদেশি সমাজের জন্য।সংগঠনের কর্মকর্তার

আবু রুমী জানালেন, ২০০৫ সালে আমাদের যাত্রা শুরু শুধুই ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবদের নিয়ে একান্তই ঘরোয়া পরিবেশে। এ ছাড়া আমাদের সঙ্গে সহযাত্রী হিসেবে প্রথম থেকেই ছিলেন ড. শাহজাহান মাহমুদ, নুরুল আমিন নুরু, ইনাম হক, শিব্বীর আহমেদ ও রবিউল ইসলাম শিশির প্রমুখ। আনন্দ আয়োজন ও সহভাগিতার প্রয়াসেই ছিল এই আয়োজন।সবার ঐকান্তিক সহযোগিতা ও ভালোবাসায় ২০০৮ সাল থেকে বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের পাশাপাশি আজ আমরা চলে এসেছি বৃহত্তর বাঙালি পরিবারের সান্নিধ্যে, ঘরের সীমিত বৃত্ত থেকে আমরা বাইরের বৃহৎ চত্বরে নিয়ে এসেছি আমাদের আনন্দের ডালি, আমাদের ভালোবাসা ও সহভাগিতার স্পর্শ, নিয়ে এসেছি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের বিরাট সম্ভার শুধু আমাদের জন্য নয়, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। ২০০৮ সাল থেকে ওয়াশিংটন মেট্রো এলাকার বৃহত্তর অঙ্গনে আমরা নিয়মিত আয়োজন করে আসছি আমাদের এই গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব।

শুধু আমাদের ঘনিষ্ঠ আত্মীয়স্বজন আর বন্ধুবান্ধবই নয়, আজ ওয়াশিংটন মেট্রো এলাকার সমস্ত বাঙালি-বাংলাদেশিদের নিয়ে আমাদের বিরাট বাঙালি পরিবার, তথা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি পরিবার। ওয়াশিংটন এলাকার প্রায় সকল বাংলাদেশিই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে সম্পৃক্ত।

আবু রুমী জানালেন, আমরা যেসব আয়োজনগুলো করেছি, তার মধ্যে উল্লেখযোগ্য হলো পিঠা উৎসব। পয়লা বৈশাখ উপলক্ষে বৈশাখী মেলা। দেশের প্রখ্যাত শিল্পীদের সংগীতানুষ্ঠান (অ্যান্ড্রু কিশোর, ফরিদা পারভিন, সৈকত দাস, সুস্মিতা দাস, আবদুল আলীমের দুই ছেলেমেয়ে)। লালন স্মরণে সংগীতানুষ্ঠান, হারানো দিনের গান, আবদুল আলীম স্মরণে সংগীতানুষ্ঠান, লোকসংগীত নিয়ে বাউলমেলা, গজল সন্ধ্যা, বৈশাখীমেলার আনন্দ সংগীতানুষ্ঠান। দেশের প্রখ্যাত টেলিভিশন ও চলচ্চিত্র শিল্পীদের নিয়ে সাংস্কৃতিকসন্ধ্যার আয়োজন ইত্যাদি। বিশেষ সংগীতানুষ্ঠান লাখো কণ্ঠে সোনার বাংলা। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির বাৎসরিক বনভোজন। শিক্ষা সফর ইত্যাদি।

আপনাদের এবারের অনুষ্ঠিতব্য পিঠা মেলার আয়োজন উপলক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, বারাক ওবামা পিঠা উৎসবের আয়োজনকে এক মহতী উদ্যোগ হিসেবে উল্লেখ করে অভিনন্দন জানিয়েছেন।

আবু রুমী জানালেন, আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এটা শুধু আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির নয়, গোটা বাঙালি জাতির জন্য গৌরবের বিষয়। এই সম্মান আমাদের সবার জন্য আনন্দের বিষয়, প্রতিটি বাঙালির আনন্দের বিষয়। এর মধ্য দিয়ে আমাদের জাতীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি সম্মান দেওয়া হয়েছে। এটা বাংলাদেশের জন্য বিরাট পাওয়া, বিরাট গর্বের বিষয় এবং এতে আমরা সবাই অংশীদার।

আরও পড়ুন