গাজীপুরের পুবাইলে একটি কারখানায় বয়লার বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে সিটি করপোরেশন এলাকায় একটি টায়ারের কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আখতারুজ্জামান লিটন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই কারখানায় পুরোনো টায়ার গলানো হতো। বেশ কয়েকজন শ্রমিক প্রতিদিনের মতো কাজ করছিলেন। বিকালে হঠাৎ করেই সেখানে বয়লার বিস্ফোরণ ঘটে।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান, বিস্ফোরণে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। হাসপাতালে নেয়ার পর আহত পাঁচজনের মধ্যে একজন মারা যান।
গাজীপুরের পুলিশ সুপার হারুন-অর রশীদ বলেন, ‘গুরুতর অবস্থায় কয়েকজনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’


