স্বাধীনতা-স্বার্বভৌমত্ব ও গণতন্ত্রের জন্য এ দেশের মানুষ অবশ্যই জিয়া পরিবারকে আজীবন সম্মান জানাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘রাজনীতি না করেও আরাফাত রহমান কোকো জনগণের কাছে যে জনপ্রিয় ছিল তার প্রমাণ তার জানাজায় লক্ষ লক্ষ লোকের অংশগ্রহণ। এ থেকে প্রমাণিত হয় জনগণের আশা-আকাঙ্ক্ষার ভরসাস্থল জিয়া পরিবার।’
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে এ সব কথা বলেন মির্জা ফখরুল।
এ সময় তার সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সহ-প্রচার সম্পাদক এমরান সালেহ প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন। পরে ‘আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংগঠন’ এর উদ্যোগে দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনের ভাসানী ভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি। বাদ আসর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
গত বছর ২৪ জানুয়ারি মালয়েশিয়ার একটি হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন আরাফাত রহমান কোকো। রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।
সেই সময় মালয়েশিয়াতে তার সঙ্গে স্ত্রী সৈয়দ শর্মিলা রহমান সিঁথি, দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান ছিলেন।


