বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

দিল্লির মতো ঢাকাতেও জোড়-বিজোড় গাড়ি চলাচলের প্রস্তাব

Dhaka-carরাজধানী ঢাকায় যানজট নিরসনে একদিন জোড় একদিন বিজোড় নম্বর প্লেটের গাড়ি নামানোর দাবি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে সবার জন্য বাসযোগ্য ঢাকার দাবিতে সিপিবি সেগুনবাগিচা শাখার উদ্যোগে সমাবেশে এ দাবি করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সেগুনবাগিচা শাখার সম্পাদক পুষ্পেন রায়। বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, মুর্শিকুল ইসলাম শিমুল, সুমনা সোমা, জসি শিকদার প্রমুখ।

সমাবেশে রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘তিলোত্তমা ঢাকা একটি অ-বাসযোগ্য নগরে পরিণত হয়েছে। ঢাকা শুধুমাত্র ধনী ও বড়লোকের জন্য বারিধারা ও গুলশানে কেন্দ্রীভূত করে রাখা হয়েছে। আর নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষ যারা ঢাকা নগরীতে প্রাণসঞ্চার করে তাদের জীবনকে করে তুলেছে দুর্বিষহ।’

একদিকে নিয়ন্ত্রণহীন বাড়ি ভাড়া নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের নাভিশ্বাস বের করার উপক্রম, অন্যদিকে যানজটে স্থির ঢাকার মানুষের জীবনের গতিকে থামিয়ে দেয় রাস্তার কোনো চোরাগলিতে- যোগ করেন রুহিন হোসেন প্রিন্স।

সমাবেশে সিপিবি নেতারা আরো বলেন, কথায় কথায় বাড়ি ভাড়া বাড়ানো, মাসে মাসে গাড়ি ভাড়া বাড়ানো, নোটিশ ছাড়া হকার উচ্ছেদ ঢাকার জনজীবনের ওপর অসহনীয় প্রভাব ফেলছে।

নেতৃবৃন্দ আরো বলেন, রাজধানী ঢাকার যানজটের জন্য প্রাইভেট কার ও মাইক্রোবাস দায়ী। ভারতের রাজধানী নয়াদিল্লির মতো ঢাকায়ও একদিন জোড়- একদিন বিজোড় নম্বরের গাড়ি নামিয়ে নগরীকে যানজট মুক্ত করা সম্ভব। এর জন্য সরকার ও ঢাকা সিটি করপোরেশনকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

সিপিবি নেতারা জানান, ভারতের দিল্লিতে জোড়-বিজোড় নম্বরের গাড়ি নামিয়ে তারা শহরকে যানজটমুক্ত করেছে। এ ছাড়া ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে বাসযোগ্য ও সবার জন্য ঢাকার দাবিতে ধারাবাহিক জোর আন্দোলন চালিয়ে যাবেন বলে অঙ্গীকার করেন দলটির নেতাকর্মীরা।

আরও পড়ুন