বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ দেশনেত্রী খালেদা জিয়াকে ভয় পায়। রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিকভাবে হয়রানি করে তাকে রাজনীতি থেকে দূরে রাখতে চায় আওয়ামী লীগ।
মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে সোমবার রাষ্ট্রদ্রোহ মামলার করার প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান সরকার যারা নৈতিকভাবে বৈধ নয় এবং গণবিচ্ছিন্ন তারা ক্ষমতায় টিকে থাকার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখবার জন্য এই ধরনের মিথ্যা মামলার আশ্রয় গ্রহণ করছে। ইতোমধ্যে ১০টি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। দুর্নীতির মামলা, নাশকতা মামলা সর্বশেষে রাজনৈতিকভাবে সম্পূর্ণ দেউলিয়া হয়ে শাসকগোষ্ঠী মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলকে নির্মূল করবার ভয়াবহ চক্রান্তে লিপ্ত হয়েছে। এই মামলা সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য হীন উদ্দেশ্যপ্রণোদিত।’
এ সময় দেশনেত্রীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এই মামলাসহ সকল মামলা প্রত্যাহারের জন্য আহ্বান জানানো হয়।
প্রসঙ্গত, সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোমতাজ উদ্দিন আহমদ মেহেদি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে সাবেক খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাটি করেন। তার আগের দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলাটি দায়েরের অনুমতি দেয়।
বিএনপির দাবি, গত ২১ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে খালেদা জিয়া যে বক্তব্য প্রদান করেন তার একটি ক্ষুদ্র অংশের বিকৃত ব্যাখ্যা করে এই মামলাটি করা হয়েছে।


