বাংলাদেশ পুলিশ বাহিনীর ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী কর্মকর্তা পুলিশ সপ্তাহের প্যারেডে নেতৃত্ব দিতে যাচ্ছেন। মঙ্গলবার রাজারবাগে এই প্যারেডের মধ্যে দিয়ে শুরু হবে পুলিশ সপ্তাহ। এর নেতৃত্ব দেবেন চাঁদপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, সারা দেশের বিভিন্ন পুলিশ ইউনিটের সমন্বয়ে গঠিত ১৩টি কন্টিনজেন্টের এই প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন প্রধানমন্ত্রী। এতে অংশ নিচ্ছেন সহস্রাধিক পুলিশ সদস্য। লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নে এটা নতুন মাইলফলক।
এবারের পুলিশ সপ্তাহে ২০১৫ সালে অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ১৯ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), ২০ জনকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম), ২৩ জনকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা ও ৪০ জনকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবা পদক প্রদান করা হবে। প্রধানমন্ত্রী তাঁদের পদক পরিয়ে দেবেন।
পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এবং পুলিশের মহাপরিদর্শক পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ তাঁর বাণীতে বলেন, ‘শৃঙ্খলা-নিরাপত্তা-প্রগতি’-এ মূলমন্ত্রে দীক্ষিত হয়ে বাংলাদেশ পুলিশ জনসেবা প্রদান ও জননিরাপত্তা বিধানে আরও পেশাদার এবং আন্তরিক হবে-এ আমার দৃঢ় বিশ্বাস।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসিত হয়েছে। দেশের সব প্রয়োজন ও সংকটকালে বাংলাদেশ পুলিশ জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধানে দেশপ্রেম, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও পুলিশের সাফল্য ও গৌরবোজ্জ্বল ভূমিকা বাংলাদেশকে বৈশ্বিক পরিমণ্ডলে অনন্য মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে।’


