বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদল।
আজ বুধবার সকালে জাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানার নেতৃত্বে এ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চৌরঙ্গী মোড় থেকে শুরু হয়ে জাবি স্কুল অ্যান্ড কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
মিছিল-পরবর্তী সমাবেশে বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাসহ সব মামলা প্রত্যাহারের দাবি করেন। সেইসঙ্গে ষড়যন্ত্রমূলক সমন জারির তীব্র নিন্দা জানান বক্তারা।
গত ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের এক সমাবেশে খালেদা জিয়া বলেন, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে। তিনি বলেন, ‘আজকে বলা হয়, এত লাখ লোক শহীদ হয়েছে। এটা নিয়েও অনেক বিতর্ক আছে।’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ না করে খালেদা জিয়া দাবি করেন, তিনি বাংলাদেশের স্বাধীনতা চাননি। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ হতো না।
এরপর ২৩ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যে ‘দেশদ্রোহী’ মনোভাব পাওয়া যাচ্ছে অভিযোগ করে তা প্রত্যাহার করতে উকিল নোটিশ পাঠান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মোমতাজ উদ্দিন আহমদ। নোটিশের জবাব না পাওয়ায় ফৌজদারি কার্যবিধির ১৯৬ ধারা অনুযায়ী রাষ্ট্রদ্রোহ মামলা অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জানান তিনি।
চলতি বছরের ২১ জানুয়ারি রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গতকাল সোমবার বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে মামলা গ্রহণ করে আগামী ৩ মার্চ তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন ঢাকা মহানগর হাকিম রাশেদ তালুকদার।


