বাংলাদেশ নাগরিকত্ব আইন, ২০১৬-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ আইনে মিথ্যা তথ্য দিয়ে নাগরিক হলে শাস্তির বিধান রাখা হয়েছে। কেউ মিথ্যা তথ্য দিয়ে নাগরিক হলে তার পাঁচ বছরের কারাদণ্ড অথবা এক লাখ টাকার অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।
আজ সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপাতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।


