বাংলাদেশ থেকে সাধারণ, দক্ষ ও বিশেষজ্ঞ ক্যাটাগরিতে জনবল নিতে আগ্রহ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। বৃহস্পতিবার সংসদে স্পিকারের বাসভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে স্বাক্ষাৎ করে ঢাকায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহামেদ এনএম আল-দিহাইমি এ আগ্রহের কথা জানান।
কাতারের রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে কাতারের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উল্লেখ করে বলেন, বাংলাদেশ কাতারের উন্নয়নের অংশীদার। কাতারে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সততা ও কর্মদক্ষতার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের শ্রমিকরা কাতারের জনগণের সঙ্গে মিলেমিশে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কাজ করছে। তাই এ দেশ থেকে আরো জনবল নেওয়া হবে।
দক্ষ জনবল সৃষ্টিতে কাতারের অর্থায়নে বাংলাদেশে নার্সিং ইনস্টিটিউটসহ সম্ভাব্য অন্যান্য প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, এরই মধ্যে বাংলাদেশ থেকে কাতারে প্রক্রিয়াজাত খাদ্যসামগ্রী, কৃষিপণ্য, চা, সবজি ইত্যাদি রপ্তানি হচ্ছে। তিনি সিরামিকস, ফার্মাসিউটিক্যাল, চামড়াসহ অন্যান্য পণ্য বাংলাদেশ থেকে আমদানি করার উদ্যোগ নিতে রাষ্ট্রদূতকে আহ্বান জানান।
স্পিকার কাতারের অর্থায়নে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্ট ও পানি শোধনাগার তৈরির সম্পাদিত চুক্তিসহ বিভিন্ন সহযোগিতার বিষয় উল্লেখ করেন। এ সময় তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিয়কায়নে কাতার সরকারের সহযোগিতা কামনা করেন।


