বুধবার ৪ নভেম্বর ২০২৬

চা দোকানিকে পুড়িয়ে হত্যার ঘটনায় ওসি ক্লোজড

shah_ali_police_3350চাঁদা না দেয়ায় চা দোকানিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় মিরপুর শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহীন মণ্ডলকে ক্লোজড করা হয়েছে।

শুক্রবার ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির মিডিয়া উইং থেকে পাঠানো ক্ষুদে বার্তায় (এসএমএস) এ তথ্য জানানো হয়।

জানা গেছে, চাঁদা না দেয়ায় বুধবার রাত সাড়ে ৯টায় পুলিশের উপস্থিতিতে শাহআলী থানার গুদারাঘাট এলাকায় চা দোকানি বাবুল মাতবরের গায়ে আগুন দেয়া হয়।

প্রায় ১৬ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়ে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান তিনি।

এ ঘটনায় এরআগে শাহআলী থানার চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে মিরপুর ডিসি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তারা হলেন- এসআই মোমিনুর রহমান খান, নিয়াজ উদ্দিন মোল্লা, এএসআই দেবেন্দ্র নাথ ও কনস্টেবল জসিম উদ্দিন।

এছাড়া ঘটনা তদন্তে দুটি কমিটি করেছে ঢাকা মহানগর পুলিশ ও ডিএমপির মিরপুর বিভাগ।

বাবুলের মেয়ে রোকসানা আকতার বুধবার রাতেই থানায় মামলা করেছেন। তবে এজাহারে অভিযুক্ত পুলিশ সদস্যদের নাম উল্লেখ করা হয়নি। পরিবার বলছে, অভিযোগ শুনলেও পুলিশ তাদের মতো করে এজাহার লিখে স্বাক্ষর নিয়েছে।

আরও পড়ুন