দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দেশের ৭৫ ভাগ মানুষ বিদ্যুৎ পায়। ২০২১ সালে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে। প্রত্যেকে ঘরে ঘরে বিদ্যুৎ পাবে।
আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৫৬তম সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রকৌশলীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করার সমস্যা হলো, এতে অনেক বেশি জায়গা লাগে। সে ক্ষেত্রে সোলার প্যানেলগুলো মাটি থেকে কিছুটা উঁচুতে তৈরি করা সম্ভব হলে নিচের জায়গায় চাষবাস করা যায়। এ ব্যাপারটি সম্ভব কি না, তা ভেবে দেখতে প্রকৌশলীদের প্রতি তিনি আহ্বান জানান।
গোপালগঞ্জে বেশি বেশি করার আদিখ্যেতা না দেখাতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, এই আদিখ্যেতাটা ভাল না যে প্রধানমন্ত্রীর জায়গা বলে বেশি করে ঢেলে দাও। সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রকৌশলে অবদান রাখার জন্য দুজন প্রকৌশলীকে ‘আইবি-২০১৫ স্বর্ণপদক’ দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে আইবির নতুন ১৫তলা ভবনও উদ্বোধন করেন তিনি।


