অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী গণমাধ্যমে কথা না বলে অনিষ্পত্তিকৃত সব রায়ের ফাইল ফেরত দেবেন, সেই প্রত্যাশা করেছেন প্রধান বিচারপতি এস কে সিনহা।
রবিবার সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল আবু সৈয়দ দিলজার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিত এই প্রত্যাশা করেন তিনি।
রবিবার সাংবাদিকদের কাছে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী নিজের বক্তব্য দেওয়ার পর সুপ্রিম কোর্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান বিচারপতির এই প্রত্যাশার কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রধান বিচারপতি আশা করেন যে সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মিডিয়াতে মামলার রায় ও আদেশ সংক্রান্ত কোনোরূপ বক্তব্য না দিয়ে তার নিকট যতগুলো অনিষ্পত্তিকৃত রায়ের মামলার ফাইল রয়েছে, তা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল অফিসে অতি সত্বর ফেরত প্রদান করবেন, যাতে বিচারপ্রার্থীদের আর ভোগান্তি না হয়।’
বিচারকাজ চলাকালীন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর ‘প্রেস কনফারেন্স’ সম্পর্কে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘এ ধরনের প্রেস কনফারেন্স নজিরবিহীন। মাননীয় প্রধান বিচারপতি আশা করেন, বর্তমান ও ভবিষ্যতে মাননীয় বিচারপতিরা কোর্টের পবিত্রতা ও মর্যাদা বজায় রাখার স্বার্থে এ রূপ কার্য থেকে বিরত থাকবেন।’
অবসরের পর বিচারকদের রায় লেখা ‘সংবিধানবিরোধী’ বলে সম্প্রতি প্রধান বিচারপতির বক্তব্য আসার পর তা নিয়ে আলোচনা চলছে, যা রাজনৈতিক মহলেও বিতর্কের জন্ম দিয়েছে।


