রোববার দিনভর নানা নাটকীয়তা শেষে অবসরের পর নিজের লেখা রায় জমা দিতে পারছেন বলে জানিয়েছেন বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার সম্মতি পাওয়ার পর এ রায় জমা দিতে পারছেন বলে জানা গেছে।
আপিল বিভাগের অবসরপ্রাপ্ত এই বিচারক রোববার সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন, তার লেখা রায় ও আদেশ গ্রহণ করতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা রাজি হয়েছেন। বিচারপতি শামসুদ্দিন অবসর নেওয়ার আগে আপিল বিভাগের যে বেঞ্চে ছিলেন, বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা সেই বেঞ্চের নেতৃত্বদানকারী বিচারক। অবসরের পর বিচারকদের রায় লেখার বিরোধী প্রধান বিচারপতি এস কে সিনহার নির্দেশনার পর বিচারপতি ওয়াহহাব মিঞা তার লেখা রায় গ্রহণে অস্বীকৃতি জানিয়েছিলেন বলে সকালেই অভিযোগ করেন বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।
অবসরের পর তার লেখা ১৫টির মতো রায় এবং আদেশগুলো নিতে প্রধান বিচারপতি এস কে সিনহাকে চিঠি লেখার কথা জানিয়েছিলেন তিনি। সেইসঙ্গে প্রধান বিচারপতির আচরণকে সংবিধান পরিপন্থিও বলেন তিনি।


