ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নে স্থানীয় নেতাদের সুপারিশকেই প্রাধান্য দেবে বিএনপি। শুক্রবার বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই নির্বাচনে অংশ নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে একথা জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, বিএনপি সিদ্ধান্ত নিয়েছে ইউপি নির্বাচনে মনোনয়নের ক্ষেত্রে ইউপি বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক- এই মোট পাঁচ জন মিলে প্রার্থীর নাম অনুমোদন করার জন্য কেন্দ্রে সুপারিশ করবে।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন প্রথম বারের মতো রাজনৈতিক দল ও তাদের প্রতীকে অংশগ্রহণের সুযোগ রেখে ২২ মার্চ থেকে সারাদেশে ইউনিয়ন পরিষদের ভোটের তফসিল ঘোষণা করে। মোট ছয় ধাপে ৪ হাজার ২৭৯ ইউনিয়নে স্থানীয় সরকারের এ নির্বাচন হবে এবার। প্রথম ধাপে ৭৫২ ইউপির ভোট হবে ২২ মার্চ। এরপর ৩১ মার্চ ৭১০টি ইউপি, ২৩ এপ্রিল ৭১১টি ইউপি, ৭ মে ৭২৮টি ইউপি, ২৮ মে ৭১৪টি ইউপি এবং ৪ জুন ৬৬০টি ইউপিতে ভোট হবে।


