বুধবার ৪ নভেম্বর ২০২৬

এখনও অতিরিক্ত ফি ফেরত দেয়নি ৪০ শিক্ষাপ্রতিষ্ঠান

dinajpur boardলালমনিরহাটের ৪০ শিক্ষাপ্রতিষ্ঠানকে এসএসসি পরীক্ষায় ফরম পূরণের অতিরিক্ত টাকা ফেরত দেয়ার নির্দেশ দেয়া হলেও তাতে কর্ণপাত করছে না প্রতিষ্ঠানগুলো। গত ৪ ফেব্রুয়ারি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান এ নির্দেশ দেন। বোর্ডের নির্দেশের তোয়াক্কাই করছে না শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। দিনাজপুর শিক্ষা বোর্ড কর্তৃক নির্দেশনা জারির এক সপ্তাহ পার হলেও অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান এখন পর্যন্ত কোনো টাকাই ফেরত দেয়নি বলে জানায় জেলা শিক্ষা অফিস।

দিনাজপুর শিক্ষা বোর্ডের তথ্যানুযায়ী চলতি বছর লালমনিরহাটের ৪০ স্কুলে এসএসসি ফরম পূরণের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ১শ’ থেকে ২৭৫ টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ আদায় করে। এর পরিপ্রেক্ষিত ওই টাকা ফেরত দিতে আদেশ দেয় শিক্ষা বোর্ড।

অতিরিক্ত ফি আদায় করেছে এমন স্কুলগুলো হচ্ছে, জেলা সদরের গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়, মোগলহাট উচ্চ বিদ্যালয়, কবি শেখ ফজলল করিম বালিকা উচ্চ বিদ্যালয়, বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয়, সেলিম নগর সুফিয়া খাতুন উচ্চ বিদ্যালয়, দুরাকুটি উচ্চ বিদ্যালয়, রাজপুর উচ্চ বিদ্যালয়, সিন্দুরমতি উচ্চ বিদ্যালয়, ত্রিশামত হারাটি উচ্চ বিদ্যালয়, দেওতিরহাট উচ্চ বিদ্যালয়, হীরামানিক উচ্চ বিদ্যালয়, লোহাকুচি উচ্চ বিদ্যালয়, গোকুন্ডা উচ্চ বিদ্যালয়, কালমাটি আদর্শ উচ্চ বিদ্যালয়, খুনিয়াগাছ এসসি উচ্চ বিদ্যালয়, কুলাঘাট উচ্চ বিদ্যালয়, মহেন্দ্রনগর উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট নেছারিয়া কামিল মাদরাসা, নয়ারহাট দাখিল মাদরাসা, কাশিপুর উচ্চ বিদ্যালয়, আদিতমারী উপজেলার মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, মহিষখোচা বালিকা উচ্চ বিদ্যালয়, নামুরী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, পলাশী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, মহিষখোচা ডিএস দাখিল মাদরাসা, কালিগঞ্জের কাকিনা বালিকা উচ্চ বিদ্যালয়, খন্ডরচড়া উচ্চ বিদ্যালয়, বাণীনগর উচ্চ বিদ্যালয়, শিয়ালখাওয়া উচ্চ বিদ্যালয়, এএম রথবাড়ী উচ্চ বিদ্যালয়, হাতীবান্ধার আমঝোল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ডাউয়াবাড়ী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ভেলাগুড়ি দাখিল মাদ্রাসা, পাটগ্রামের পাটগ্রাম টিএন উচ্চ বিদ্যালয়, কচুয়ারপাড় উচ্চ বিদ্যালয়, পানবাড়ী উচ্চ বিদ্যালয়, ধবলগুড়ি উচ্চ বিদ্যালয়, কালীরহাট উচ্চ বিদ্যালয়, জোংড়া ন্যাশনাল উচ্চ বিদ্যালয় এবং শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়।

এদিকে শিক্ষা বোর্ডের নির্দেশ পাওয়ার পর পাটগ্রাম উপজেলার অভিযুক্ত বিদ্যালয়গুলো মোট ৭ শতাধিক শিক্ষার্থীর অতিরিক্ত টাকা ফেরত দিয়ে স্বাক্ষর নেন বলে জানা গেছে। অন্যদিকে জেলার ৪০ বিদ্যালয়ের মধ্যে এখন পর্যন্ত ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানই অতিরিক্ত ওই টাকা ফেরত দেয়নি বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে।

লালমনিরহাট জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন শনিবার জানান, এ পর্যন্ত মাত্র ১১টি বিদ্যালয় বর্ধিত ফি ফেরত দিয়েছে। যারা এখনও টাকা ফেরত দেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বোর্ডে প্রতিবেদন দাখিল করা হবে।

আরও পড়ুন