অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জিতল ওয়েস্ট ইন্ডিজ। ভারতের দেয়া মাত্র ১৪৫ রানের জবাবে ৩ বল বাকি থাকতেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে ক্যারিবীয় যুবারা।
রোববার মিরপুরে ভারতের দেয়া ১৪৬ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজেরও।
২৮ রানেই দুই উইকেট হারিয়ে বসে লারার উত্তরসূরীরা। সেখান থেকে ৩৯ রানের জুটি গড়ে দলকে বিপদমুক্ত করেন অধিনায়ক হেটমেয়ার ও শামার স্প্রিঙ্গার।
৬৭ থেকে ৭৭ এই ১০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে খানিক বিপর্যয়ে পড়ে ক্যাবিবীয় যুবাদের দল।
তবে ষষ্ঠ উইকেট জুটিতে ৬৯ রান করে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজকে যুব বিশ্বকাপের শিরোপা নিশ্চিত করান কেমো পল ও কেচি কার্টি।
ভারতের মহিপাল নেন ৩ উইকেট। এছাড়া খলিল ও আবেশ খান নেন একটি করে উইকেট।
এর আগে মিরপুরে প্রথমে ব্যাটিং করতে নামা ভারতের ইনিংসে প্রথম ওভারেই আঘাত হানে ক্যারিবীয় পেসাররা।
জোসেফের বল ছেড়ে দিয়েছিলেন ঋশব প্যান্ট আর অসাধারণ থ্রোয়ে স্টাম্প ভেঙে দেন উইকেটকিপার টেভিন ইমল্যাচ।
এরপর আরো দুই উইকেট তুলে নেন জোসেফ।
প্রথম ৫০ রানেই ৫ উইকেট হারায় ভারত। অন্য দিনের মতো ফাইনালেও ভারতকে বিপদমুক্ত করার দায়িত্ব নেন সরফরাজ খান।
মাহিপাল লমরকে সাথে নিয়ে ৩৭ রানের জুটি গড়েন সরফরাজ। এরপর মায়াঙ্ক ডগরকে নিয়ে স্কোরবোর্ডে আরো ২৯ রান যোগ করেন এবারের আসরের সেরা রান সংগ্রাহক সরফরাজ।
সরফরাজ যতক্ষণ ছিলেন ফাইনালে ভারতের আশা টিকে ছিল তবে দলীয় ১২০ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে সরফরাজ আউট হলে ভারতের বড় রানের স্বপ্নে জোরেসোরে ধাক্কা লাগে।
শেষের দিক রাহুল রাথাম কিছুটা চেষ্টা করলেও ৪৫ ওভারের বেশি স্থায়ী হয়নি ভারতের ইনিংস।
সরফরাজ ৫১, রাহুল বাথাম ২১ ও মহিপাল লমর করেন ১৯ রান।
জন ও জোশেফ নেন ৩টি করে উইকেট। কিমো পল নিয়েছেন দুটি উইকেট।


