বুধবার ৪ নভেম্বর ২০২৬

এটিএম জালিয়াতি: বৃহস্পতিবার গ্রাহকদের টাকা দেবে ইবিএল

1455353596এটিএম কার্ড জালিয়াতির মাধ্যমে বেসরকারি ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) যেসব গ্রাহকের টাকা খোয়া গেছে তাদের পুরো টাকা বৃহস্পতিবার দেবে ব্যাংক কর্তৃপক্ষ। ওই দিন মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে গ্রাহকদের হাতে চেক তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ইবিএলের হেড অব কমিউনিকেশন জিয়াউল করিম।

মঙ্গলবার ইবিএলের এই কর্মকর্তা বলেন, “আমাদের তদন্তে জালিয়াতির মাধ্যমে ২২ জন গ্রাহকের টাকা তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাদের সবার পুরো টাকা ব্যাংক কর্তৃপক্ষের দেওয়ার কথা আগেই জানিয়েছিলাম আমরা।”

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের উপস্থিতিতে গ্রাহকদের চুরি হওয়া টাকার চেক হস্তান্তর করা হবে বলে জানান জিয়াউল করিম।

গত শুক্রবার ইবিএলের গ্রাহকদের কয়েকজনের অজ্ঞাতসারে এটিএম কার্ডের মাধ্যমে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগ পাওয়া যায়।

এ বিষয়টি স্বীকার করে রোববার ব্যাংকটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জালিয়াত চক্র ব্যাংকের গুলশান এলাকার দুটি বুথে ‘স্কিমিং ডিভাইস’ বসিয়ে গ্রাহকের তথ্য চুরি করে। পরে ওই তথ্য ব্যবহার করে ক্লোন কার্ড দিয়ে অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলে নেয়।

জিয়াউল করিম জানান, সোমবার পর্যন্ত ২১ জন গ্রাহকের টাকা চুরির বিষয়ে তারা নিশ্চিত হয়েছিলেন। মঙ্গলবার আরও একজনের টাকা খোয়া যাওয়ার বিষয়টি বেরিয়ে এসেছে।

আরও পড়ুন