বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম আর নেই

mahmudul-islam-atorne_4378সাবেক অ্যাটর্নি জেনারেল ও প্রবীণ আইনজ্ঞ মাহমুদুল ইসলাম (৮০) আর নেই। সোমবার মধ্যরাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

ইউনাইটেড হাসপাতালের ম্যানেজার সাব্বির আহমেদ জানান, সোমবার রাত ১২টা ৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন। মাহমুদুল ইসলাম ফুসফুস ও কিডনিজনিত রোগে ভুগছিলেন।

তার মরদেহ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

তার আত্মীয় স্বজনরা বুধবার মরদেহ গ্রহণ করবেন বলে জানান তিনি। তবে নামাজে জানাজা ও দাফন কখন কোথায় হবে এ বিষয়ে তাৎক্ষণিক তথ্য কেউ জানাতে পারেননি।

মাহমুদুল ইসলাম ১৯৩৬ সালে রংপুরে জন্মগ্রহণ করেন। কারমাইকেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি। পরে আইনে ডিগ্রি নেন।

তার বাবা আজিজুল ইসলাম ছিলেন রংপুরের প্রথিতযশা আইনজীবী। মাহমুদুল ইসলাম প্রথমে রংপুর জেলা বারে ও  পরে হাইকোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

সুপ্রীম কোর্টের জ্যেষ্ঠ এ আইনজীবী ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব গ্রহণের দিন পদত্যাগ করেন তিনি।

মাহমুদুল ইসলাম বাংলাদেশের প্রথম আইনজীবী যিনি সাংবিধানিক গবেষণামূলক বই লিখেছেন। বাংলাদেশে আইন পেশায় সবচেয়ে পণ্ডিত ব্যক্তি হিসেবে অনেকে তাকে বিবেচনা করে থাকেন।

আরও পড়ুন