বুধবার ৪ নভেম্বর ২০২৬

এটিএম বুথের টাকা চুরি, ৫ জন শনাক্ত

atm-600কার্ড ক্লোন করে এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের ঘটনায় সন্দেহভাজনদের শনাক্ত করা গেছে। এ ঘটনায় দায়ের করা মামলা তদন্তের জন্য ডিবিতে হস্তান্তর করা হয়েছে- জানিয়েছেন পুলিশের ডিআইজি মনিরুল ইসলাম।

বুধবার দুপুরে ডিএমপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মনিরুল ইসলাম বলেন, ‘ইতোমধ্যে সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে সেখান থেকে সন্দেহভাজন ৪ থেকে ৫ জনকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের সঙ্গে ফুটেজের ব্যক্তিদের অবয়ব মিল আছে। এদের মধ্যে একজন পূর্ব ইউরোপের নাগরিক। সন্দেহভাজনরা কেউ দেশ ত্যাগ করতে পারেননি।’

তিনি বলেন, ‘সন্দেহভাজনদের গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। ছবি স্বচ্ছ করার কাজও চলছে। প্রক্রিয়াগুলো শেষ হলেই জানা যাবে অপরাধী কারা এবং এর সঙ্গে ব্যাংকের কেউ জড়িত কিনা।’

প্রসঙ্গত, গত শুক্রবার ইস্টার্ন ব্যাংকের এক গ্রাহক তার ব্যাংক অ্যাকাউন্টে থেকে এটিএমের মাধ্যমে টাকা উত্তোলনের এসএমএস পান। পরে বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষের নজরে আনলে জানা যায়, কার্ড ক্লোনিং করে দুর্বৃত্তরা এ টাকা উত্তোলন করেছে। এভাবে ৩ ব্যাংকের অন্তত ২৮ গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেয়া হয়।

আরও পড়ুন