কক্সবাজারের মহেশখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য ছিলেন। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।
বুধবার ভোরে মহেশখালী মাতারবাড়ি ইউনিয়নের দারিয়ার খাঁ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ২টি বন্দুক ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ মুরাদ (৩২)। তার বাড়ি উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের মোশারফ আলী সিকদারপাড়ায়। বাবার নাম শাহাদাত হোসেন।
মহেশখালী থানার ওসি (তদন্ত) দিদারুল ফেরদৌস জানান, মাতারবাড়ির দারিয়ার খাঁ এলাকায় সেতু ও একরাম ডাকাত দলের মধ্যে বন্দুকযুদ্ধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ডাকাতরা পুলিশের অবস্থান টের পেয়ে পালিয়ে যায়। সেখানে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্রসহ এক ডাকাতকে আটক করলে পুনরায় ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি করে। পরে ডাকাতরা বিচ্ছিন্নভাবে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ২টি দেশীয় বন্দুক ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, গুলিবিদ্ধ ডাকাতকে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসা মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বন্দুকযুদ্ধে পুলিশের তিন সদস্য আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।


