বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

কাস্টমস কমিশনারের ওপর ছাত্রলীগের হামলা

benapl customsবেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার মোস্তাফিজুর রহমানের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন কাস্টমসের কর্মকর্তা ও কর্মচারীরা। নিলামকৃত মোটরসাইকেল রেজিস্ট্রেশনের অনুকূলে কাগজপত্র ‘আটকে’ রাখার ঘটনাকে কেন্দ্র করে শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হোসেনের নেতৃত্বে এই হামলা হয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে যুগ্ম কমিশনার মোস্তাফিজুর রহমানের অফিস কক্ষের সামনে এ ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীরা কাজ বন্ধ রেখেছেন।

বেনাপোল কাস্টমসের পরিদর্শক রাকিবুল ইসলাম জানান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হোসেনসহ তার লোকজন বুধবার দুপুর ১২টার দিকে যুগ্ম কমিশনার মোস্তাফিজুর রহমানের সঙ্গে দেখা করেন। এক পর্যায়ে বাকবিতণ্ডা শুরু করেন। যুগ্ম কমিশনার ছাত্রলীগ নেতার দাবি অনুযায়ী কাজ না করায় হামলা করে। এর প্রতিবাদে কাস্টমসে সব ধরনের কাজ বন্ধ করে দেয়া হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপুর্ব হাসান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং কাস্টমসে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অভিযুক্ত আকুল হোসেন জানান, ২০১৪ সালে তারা বেনাপোল কাস্টমস থেকে নিলামে ৩৯টি মোটরসাইকেল ক্রয় করেন। পরে ওই মোটরসাইকেল তারা বিক্রি করে। ক্রেতারা রেজিস্ট্রেশনের জন্য যশোর বিআরটিএ অফিসে কাগজপত্র জমা দেন। পরে বিআরটিএ অফিস থেকে কাগজপত্র সঠিক আছে কিনা তা যাচাইয়ের জন্য বেনাপোলের কাস্টমস অফিসে পাঠায়। সেই কাগজপত্র আটকে মাসের পর মাস ঘুরাচ্ছেন যুগ্ম কমিশনার মোস্তাফিজুর রহমান। শুধু তাই নয়, পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করা হয়েছে। এ নিয়ে তর্কতর্কি হয়েছে। সেখানে অপ্রীতিকর বা মারপিটের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন