বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

পুরান ঢাকা থেকে হুজির ৬ জঙ্গি গ্রেপ্তার

atok---পুরান ঢাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে কোতোয়ালি থানা এলাকার জিন্দাবাহার পার্ক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন- সাজ্জাদুল আলম মুক্তি (৪৬), মেসবাহ উর রহমান প্রদীপ (৩৭), বাশার (৩৭), আশরাফ (৩৫), আজিজ ওরফে বাবু (৩৬) ও শফিক ওরফে পলাশ ওরফে বিজয় (৩৫)।

ঢাকা মহানগর পুলিশে ‍উপ কমিশনার (গণমাধ্যম) মারুফ হোসেন সরদার জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে সংগঠনের প্রচারপত্র, জিহাদি বই, ল্যাপটপ ও পেনড্রাইভ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গত শতকের শেষভাগে বাংলাদেশে হরকাতুল জিহাদের উগ্র সন্ত্রাসবাদী কার্যক্রমের বিস্তার ঘটার পর ২০০৫ সালে সংগঠনটিকে নিষিদ্ধ করে সরকার।

গত সাত বছরে হুজি সদস্যরা দেশে যেসব নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছে, তাতে অন্তত ১০১ জন নিহত ও ছয় শতাধিক লোক আহত হয়েছেন বলে গণমাধ্যমের খবর।

এর মধ্যে অন্তত তিনটি ঘটনায় হামলার লক্ষ্যবস্তু ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বেশ কয়েকটি মামলায় এসব ঘটনার মূল পরিকল্পনাকারী মুফতি আবদুল হান্নানের মৃত্যুদণ্ডের রায় হয়েছে।

আরও পড়ুন