বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বালুর নিচে নিখোঁজ ৪ শিশুর লাশ

habiganj 4 childsহবিগঞ্জের বাহুবলে নিখোঁজের পাঁচদিন পর বালুর নিচ থেকে চার শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করা হয়।

চার শিশুর হলো- ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া শুভ (৮), আফদাল মিয়ার ছেলে মনির মিয়া (৭), আবদুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০) এবং তাদের প্রতিবেশী আব্দুল কাদিরের ছেলে ইসমাইল মিয়া (১০)। এর মধ্যে শুভ, তাজেল মিয়া ও মনির সম্পর্কে আপন চাচাত ভাই।

জেলার পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র জানান, বুধবার সকালে উপজেলার সুন্দ্রাটেকি গ্রামের ঈসা বিল এলাকায় মাটির স্তূপের নিচে লাশের অংশ বেরিয়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারররফ হোসেন।

খবর পেয়ে সিলেট পুলিশের ডিআইজি মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। হত্যাকারীদের ধরিয়ে দিলে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন তিনি।

পুলিশ সুপার জয়দেব ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, চার শিশুকে অন্য কোথাও হত্যার পর লাশ সেখানে এনে মাটি চাপা দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে তাদের কখন হত্যা করা হয়েছে তা ডাক্তারি পরীক্ষা ছাড়া বলা সম্ভব নয় বলে জানান তিনি। তবে প্রাথমিকভাবে এটা শত্রুতা থেকে হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। পরিবারের সঙ্গে কথা বলে বিস্তারিত জানতে পারব।

দ্রুত তদন্তের মাধ্যমে হত্যাকারীদের ধরা হবে বলে আশ্বাস দেন এই পুলিশ সুপার।

উল্লেখ্য, গত শুক্রবার বিকালে ওই চার শিশু গ্রামের মাঠে খেলতে যায়। রাতে তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করে। কোথাও তাদের পাওয়া যায়নি। পরদিন শনিবার শুভর বাবা ওয়াহিদ মিয়া বাহুবল থানায় লিখিত অভিযোগ দেন।

 

আরও পড়ুন