ভুয়া আমদানি-রপ্তানি দেখিয়ে ২৫১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আড়াইশ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শাহজালাল ইসলামী ব্যাংকের ডিএমডি মনজেরুল ইসলামসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। ঘটনার সময় মনজেরুল জনতা ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ছিলেন।
বৃহস্পতিবার দুপুরে ব্যাংকের উপপরিচালক মো. সামছুল আলম বাদী হয়ে রাজধানীর মতিঝিল থানায় এ মামলা দায়ের করেন। মামলা নম্বর ২২। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।
মনজেরুল ছাড়া অন্য আসামিরা হলেন, জনতা ব্যাংকের সাবেক এজিএম শামীম আহমেদ খান, জনতা ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা মো. মশিউর রহমান, আঞ্চলিক কার্যালয়ের প্রাক্তন ব্যবস্থাপক এ এস এম জহিরুল ইসলাম ও মেসার্স ঢাকা ট্রেডিং হাউজের স্বত্বাধিকারী মো. টিপু সুলতান।
মামলার এজহারে জানা যায়, চিনি ও বাচ্চাদের খাবার আমদানির জন্য জনতা ব্যাংকের লোকাল অফিসে ঢাকা ট্রেডিং হাউজের নামে এলসি খোলেন মো. টিপু সুলতান। পরে ওই এলসির বিপরীতে মালামাল আমদানি না করে আসামিরা পরস্পর যোগসাজশে এই কোম্পানির হিসাব নাম্বারে ২৫০ কোটি ৯৬ লাখ টাকা স্থানান্তর করেন।
স্থানান্তরিত ওই বিপুল পরিমাণ টাকা ২০১০ থেকে ২০১২ সালের বিভিন্ন সময়ে আসামিরা ব্যাংক থেকে উত্তোলন করে আত্মসাৎ করেছে। পরে কমিশনের অনুমোদন সাপেক্ষে দণ্ডবিধির ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।


