বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

শাস্তি দিলে তদবির করবেন না: চিকিৎসকদের মন্ত্রী

minister nasimকর্মস্থলে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সহযোগিতা চেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। বিশেষ করে উপজেলায় চিকিৎসক বদলি বা অনুপস্থিতির কারণে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিলে বিএমএ বা স্বাচিপ নেতারা যেন কোনো তদবিরকে প্রশ্রয় না দেন সেদিকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন মন্ত্রী।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়েল সভা কক্ষে হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে করণীয় বিষয়ে বিএমএ ও স্বাচিপ নেতাদের সাথে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হাসপাতালে চিকিৎসকদের অনুপস্থিতির অভিযোগ আগের চাইতে কমে এলেও তা এখনো সন্তোষজনক পর্যায়ে উন্নীত হয়নি। এজন্য সরকার নজরদারি বাড়াতে বেশকিছু উদ্যোগ নিচ্ছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে উপজেলা পর্যায় পর্যন্ত চিকিৎসকদের সেবা প্রদান কার্যক্রম মনিটরিং করার পদক্ষেপ নেয়া হচ্ছে।’

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারের যেকোনো পদক্ষেপে সহায়তা করার আশ্বাস দেন চিকিৎসক নেতারা। শৃঙ্খলা ভঙ্গকারি বা কাজে অবহেলা প্রদর্শকারী চিকিৎসকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে কোনোভাবেই সরকারের কাছে কোনো তদবির করা হবে না বলেও তারা মন্ত্রীকে আশ্বস্ত করেন।

অন্যদের মধ্যে সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, অতিরিক্ত সচিব বিমান কুমার সাহা এনডিসি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দ্বীন মো. নুরুল হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মো. ওয়াহিদ হোসেন, বিএমএ সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, স্বাচিপ মহাসচিব ডা. আবদুল আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন