জেলার বাহুবলে ৪ শিশুকে নির্মমভাবে হত্যার ঘটনায় আটক আবদুল আলী ও তার ছেলে জুয়েলকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আলম বৃহস্পতিবার দুপুরে এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) মোক্তাদির হোসেন আবদুল আলী ও তার ছেলে জুয়েলকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
বাদীপক্ষের আইনজীবী আদিল মনসুর দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, ৪ শিশুকে হত্যার অভিযোগে বুধবার সন্ধায় আব্দুল আলী ও তার ছেলে জুয়েলকে বাহুবল উপজেলার রশিদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
শুক্রবার বিকেলে মাঠে খেলতে গিয়ে চার শিশু নিখোঁজ হয়। নিখোঁজের ৫ দিন পর বুধবার সকালে বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি এলাকা থেকে তাদের বালিচাপা লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত শিশুরা হল- উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে স্থানীয় স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাতো ভাই আব্দুল আজিজের ছেলে চতুর্থ শ্রেণির ছাত্র তাজেল মিয়া (১০), আবদাল মিয়ার ছেলে প্রথম শ্রেণির ছাত্র মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী আব্দুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (১০)।


