বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বান্দরবানে স্বর্ণ মন্দিরে প্রবেশে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আজ থেকে

bandarban 2বান্দরবানে স্বর্ণ মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞাবান্দরবান পার্বত্য জেলার অন্যতম দর্শনীয় স্থান ও বৌদ্ধ অনুসারীদের তীর্থস্থান স্বর্ণ মন্দিরে (বৌদ্ধ ধাতু জাদি) পর্যটকদের ভ্রমণের ওপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আরোপ করছে কর্তৃপক্ষ। আজ ২০ ফেব্রুয়ারি থেকে এটি কার্যকর হচ্ছে বলে জানানো হয়েছে। তবে পূজার উদ্দেশ্যে অনুমতি নিয়ে মন্দিরে প্রবেশ করা যাবে।

জানা গেছে, দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকরা বৌদ্ধ মন্দিরের পবিত্রতা নষ্ট, অসদাচারণ, ভান্তেদের হয়রানি করার কারণে স্বর্ণ মন্দির পরিচালনা কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।

আরও জানা গেছে, পর্যটকরা মন্দিরের বিভিন্ন মূর্তি স্পর্শ করে পবিত্রতা নষ্টের পাশাপাশি মন্দিরের পূজার দ্রব্য ফেলে দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছে।

স্বর্ণ মন্দির পরিচালনা কমিঠির সদস্য শিবু নাথ বলেন, ‘পর্যটকরা এসে পবিত্র বৌদ্ধ মূর্তি স্পর্শ করে এবং জুতা নিয়ে প্রবেশ করার কারণে এ সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হয়েছি।’

স্বর্ণ মন্দিরের প্রধান ধর্মীয় গুরু উপ ঞ ঞা জোত মহাথের বলেন, ‘পর্যটকরা মন্দির প্রশাসনের  ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেককে  হয়রানির কারণে আমরা নিষেধাজ্ঞা আরোপ করেছি।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ঢাকা থেকে একদল পর্যটক জুতা নিয়ে মন্দিরে প্রবেশ করতে চাইলে বাধা দেয় মন্দির কর্তৃপক্ষ। এ বিষয়টি নিয়ে উক্ত পর্যটকরা মন্দিরে কর্মরত ভান্তেদের মারধর করার চেষ্টা করেন। এ ঘটনায় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন