ঢাকার অদূরে ধামরাইয়ে সোনালী ব্যাংকে ডাকাতি ও ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় চারটি পৃথক মামলা করেছে র্যাব-৪। শুক্রবার রাতে র্যাব-৪ এর ওয়ারেন্ট অফিসার বদরুদ্দিন বাদী হয়ে আটক হওয়া পাঁচ ডাকাত সদস্যের নাম উল্লেখ করে অস্ত্র, মাদক, ডাকাতি চেষ্টা ও অপমৃত্যু আইনে চারটি মামলা দায়ের করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক।
মামলার আসামিরা হলো- লক্ষ্মীপুর জেলার একই থানার মহাদেবপুর এলাকার মৃত সৈয়দ আহমদের ছেলে সবুজ (৬২), চাঁদপুর জেলার হাইমচর থানার উত্তরপাড়া এলাকার আজিজুল হকের ছেলে বাদশা মিয়া (৩৫), মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার দক্ষিণ লসকারপুর এলাকার মৃত আফজাল শেখের ছেলে রিয়াজুল ইসলাম (৩৩), ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকার মেহেদী হাসানের স্ত্রী শিলা (২৮) এবং ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার কদমতলী এলাকার লিটন মিয়ার স্ত্রী রুমানা (২৫)।
‘বন্দুকযুদ্ধে’ নিহত ও আটকেরা গত মাস আগে ধামরাই বাজার এলাকার রিয়াজ প্লাজার তৃতীয় তলায় পোশাক কারখানার কর্মী পরিচয় দিয়ে বাসা ভাড়া নেয়। এরপর বৃহস্পতিবার গভীর রাতে তাদের ভাড়া বাসার নিচ তলায় থাকা সোনালী ব্যাংকের ধামরাই শাখায় দ্বিতীয় তলার ছাদ ও তৃতীয় তলার ফ্লোর কেটে ব্যাংকের ভিতরে ঢোকার পরিকল্পনা করে। র্যাব গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় হানা দিলে ডাকাত সদস্য মাসুক র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি করে। র্যাবও পাল্টা গুলি ছুড়লে মাসুক মারা যায়। মাসুকের পরিবারের সদস্য পরিচয় দেওয়া বাকি ৫ ডাকাতকে আটক করে র্যাব।


