বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

মালয়েশিয়া নিয়ে মিথ্যাচার করছে সরকার

135211_1মালয়েশিয়ায় শ্রমিক নেওয়ার নামে সরকার মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বিএনপির  ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এ অভিযোগ করেন। সমাবেশের আয়োজন করে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী মুক্তি পরিষদ।

মালয়েশিয়ায় সরকারি ও বেসরকারিভাবে শ্রমিক পাঠানোর জন্য বৃহস্পতিবার ঢাকায় এক চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকার। চুক্তি স্বাক্ষরের পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে ১৫ লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া। মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে এ দাবি অস্বীকার করা হয়।

অন্যদিকে মালয়েশিয়ায় এ নিয়ে প্রতিবাদ শুরু হলে চুক্তি স্বাক্ষরের পরদিনই বাংলাদেশসহ বিদেশি শ্রমিক নেয়া বন্ধ রাখার ঘোষণা দেন মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি।

নোমান অভিযোগ করেন, মালয়েশিয়া বাংলাদেশি শ্রমিক নেবে বলে মিথ্যাচার করে সরকার সাধারণ মানুষের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়ার পাঁয়তারা করছে।
বিএনপির আসন্ন কাউন্সিল সম্পর্কে নোমান বলেন,  কাউন্সিলের মাধ্যমে দলকে সংগঠিত করে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে।

তিনি বলেন, ইতিহাস সাক্ষ্য দেয় ইয়াহিয়া খান, আইয়ুব খান, স্বৈরাচারী এরশাদ  জনগণের বিরুদ্ধে গিয়ে ক্ষমতায় টিকে থাকতে পারেনি। এ সরকারও পারবে না। জনগণই সকল ক্ষমতার উৎস। বিএনপি জনগণের শক্তি নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে।

নোমান বলেন, সত্য ও সরকারের বিরুদ্ধে কথা বলার অপরাধে বিরোধী দলীয় নেতাকর্মীদের কারাগারে নেওয়া হচ্ছে। বিরোধী দল সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করবে, ভুল ধরিয়ে দেবে। এটাই তো বিরোধী দলের কাজ। কিন্তু সংসদে সরকারের গৃহপালিত বিরোধীদল সেটা করতে পারছে না।

যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া প্রমুখ।

আরও পড়ুন