শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

‘যারা উর্দু ভালোবাসেন, তাদের শহীদ মিনারে যাওয়া উচিত না’

Maya_যারা বাংলায় কথা বলে, মনে মনে উর্দু ভালবাসেন, তাদের শহীদ মিনারে যাওয়া শোভা পায় না- মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

শনিবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের যৌথসভায় এ মন্তব্য করেন তিনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লক্ষ্য করে তিনি বলেন, ‘খালেদা জিয়ার শহীদ মিনারে যেতে মানা নেই। কিন্তু আমাদের কষ্ট হয় তখন, যখন তার সঙ্গে রাজাকার-আলবদরা যায়। এই জায়গা তাদের জন্য নয়, এটা বাঙালিদের জন্য। যারা বাংলায় কথা বলে, তাদের জন্য। কিন্তু যারা বাংলায় কথা বলে, মনে মনে উর্দু ভালোবাসে, তাদের জন্য সেখানে যাওয়া শোভা পায় না।’

দেশের সব শহীদ মিনার সারা বছরই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে মায়া বলেন, ‘শহীদ দিবস আসলেই কেন্দ্রীয় শহীদ মিনারসহ সব শহীদ মিনার ধোয়ামোছা হয়। অন্য সময় খোঁজ-খবর থাকে না। তাই আমাদের উচিত এই পবিত্র স্থানকে সারা বছর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।’

তিনি বলেন, ২১ ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। বিশ্বের বহু পর্যটক বাংলাদেশে আসে এই জায়গাটি দেখতে। তারা এই অবস্থা দেখে, মন খারাপ করে চলে যায়। খবর বাসস।

আরও পড়ুন