রাজধানীর বনানীতে পুলিশের রিক্যুইজিশন করা নম্বরবিহীন একটি বাসের চাপায় তপু নামের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তপুর বাবার নাম শামসুদ্দিন। রাজধানীর তেজতুরী বাজারের ৫/২ নম্বর বাড়িতে থাকতেন তপু। পড়াশোনার পাশাপাশি তিনি মোবাইল ফোনসেট বিক্রেতা প্রতিষ্ঠান ওপ্পো কোম্পানিতে কাজ করতেন।
সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বনানী কবরস্থানের পাশে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দ করাসহ চালককে আটক করা হয়েছে।
ট্রাফিক পুলিশের গুলশান জোনের এসি নুসরাত মুক্তা জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) রিক্যুইজিশন করা একটি বাস কবরস্থানের পাশের সড়ক দিয়ে যাচ্ছিল। বাসিটি সড়কে ইউটার্ন নেয়ার সময় একটি কাভার্ড ভ্যান বাসটির সামনে এসে পড়ে। এসময় ভ্যানটিকে যাওয়ার সুযোগ দিতে পুলিশের গাড়িটি পেছনের দিকে সড়ে গেলে মোটরসাইকেলে থাকা তপু বাসটির চাপায় পড়েন। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে দ্রুত উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে ঘটনার তদন্ত চলছে।


