সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশ পুলিশ এবং যুক্তরাষ্ট্র সরকার একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট। ইন্টেলিজেন্স, প্রযুক্তি ও প্রশিক্ষণ বিনিময়ের মাধ্যমে উভয় দেশের মধ্যে এ সহযোগিতা ক্রমশ জোরদার করা হবে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার সকালে পুলিশ হেড কোয়ার্টার্সে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল একেএম শহীদুল হকের সঙ্গে ঘণ্টাব্যাপী সৌজন্য সাক্ষাৎকালে বার্নিকাট এ কথা জানান। সাক্ষাৎকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিআইজি (কাউন্টার টেরোরিজম) মো. মনিরুল ইসলাম, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সিলর আন্দ্রেয়া ব্রলেট রডরিগাজ প্রমুখ।
এসময় মার্কিন রাষ্ট্রদূত পুলিশ প্রধানের উদ্যোগ ও তত্ত্বাবধানে বাংলাদেশে চলমান কমিউনিটি পুলিশিং কার্যক্রমের প্রশংসা করেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অঞ্চলে পুলিশ ও মুসলিম কমিউনিটির মধ্যে কমিউনিটি পুলিশিং ব্যবস্থার সুফলের দৃষ্টান্ত উল্লেখ করেন। পাশাপাশি বাংলাদেশে বিদেশি নাগরিক হত্যাসহ বেশ কয়েকটি ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।
বার্নিকাট বলেন, ‘পুলিশও আর দশ জন পেশাজীবীর মতই মানুষ। নানা প্রতিকূলতায় তাদেরও সীমাবদ্ধতা থাকা স্বাভাবিক। সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশ পুলিশকে ‘সোয়াত’ এবং বোমা নিষ্ক্রিয়করণ প্রশিক্ষণসহ নানা ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সহযোগিতা করছে। ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখতে চায় যুক্তরাষ্ট্র। এছাড়া সাইবার ক্রাইম, ট্রান্সন্যাশনাল ক্রাইম, মানি লন্ডারিংয়ের মত সমস্যাগুলো দুদেশের পুলিশ পারস্পারিক সহযোগিতার মাধ্যমে মোকাবিলা করতে পারে বলেও তিনি মত প্রকাশ করেন।


