গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) ছয়দানা হাজিরপুকুর এলাকায় একটি সোয়েটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে ওই এলাকার প্রীতি সোয়েটার লিমিটেডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জয়দেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. হাসিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার ভোর ৪টার দিকে ওই কারখানায় ৮তলা ভবনে আগুন লাগে। পরে খবর পেয়ে জয়দেবপুর, টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে বলেও জানান হাসিবুর রহমান। তিনি জানান, রাতে সোয়েটার কারখানাটি চালু ছিল। শ্রমিকরা কাজ করছিলেন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


